প্রখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ আ ড্রিম’র প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে দেশ নিয়ে)। যদি দেশের মানুষের জন্য সেই প্ল্যানকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরেন।
পরে লাখো জনতাকে অভিবাদন জানাতে জানাতে মঞ্চে এসে পৌঁছান বিকেল পৌনে ৪টার দিকে। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মঞ্চে আসন নেন। পরবর্তীতে তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশে শান্তি চাই। মার্থিন লুথার কিংয়ের একটি উক্তি আছে-আই হ্যাভ আ ড্রিম। আমি বলতে চাই- আই হ্যাভ আ প্লান। যদি দেশের মানুষের জন্য সেই প্ল্যানকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি পাশে থাকেন, সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ আই হ্যাভ আ প্লান বাস্তবায়নে সক্ষম হবো।