মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ এখন চাঁদে একটি ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। মাস্কের দাবি, আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে এমন একটি শহর নির্মাণ বাস্তবায়নযোগ্য।
ইলন মাস্ক তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রবিবার (৮ ফেব্রুয়ারি) এক পোস্টে লিখেছেন, স্পেসএক্স এখনো পাঁচ থেকে সাত বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার সেই দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা ধরে রেখেছে। তবে বর্তমান প্রধান অগ্রাধিকার হলো সভ্যতাকে সুরক্ষিত করা এবং চাঁদে দ্রুত পৌঁছানো।
মাস্কের এই মন্তব্য গত শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে, তারা এখন চাঁদকে অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গল গ্রহে অভিযান ভবিষ্যতের অন্য কোনো সময়ের জন্য তুলে রাখবে।