কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ মূল পরিকল্পনাকারী। আর পুলিশের সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলী পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত থেকে নিজের হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে সিনহাকে হত্যার উদ্দেশ্যে পরপর চারটি গুলি করেন এবং এই গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে। আলোচিত এ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এমন বিষয়টি উঠে এসেছে।
গত ২ জুন প্রদীপ-লিয়াকতের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মঞ্জুর ও আসামিদের আপিল খারিজ করে এ রায় দেয় বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
রবিবার ৩৭৮ পৃষ্টার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যাতে সিনহা হত্যা মামলার এজাহার, অভিযোগপত্র ও সাক্ষীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এ মামলায় হাইকোর্টের রায়ে ছয় জনের যাবজ্জীবন বহাল থাকে। তারা হলেন, বাহারছড়া পুলিশ তদন্দ কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, পুলিশের সোর্স ও বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।
সুত্র: দেশ রূপান্তর।