1. admin@kamalgonjerdak.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

রিটার্নিং অফিসাররা গণভোটের প্রচার করবেন, কিন্তু পক্ষে-বিপক্ষে অবস্থান নেবেন না

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

গণভোটে নির্বাচনী কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান পরিষ্কার। গণভোটে অংশগ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা হবে, তবে নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা আইনগতভাবে কোনো পক্ষের হয়ে কাজ করতে পারবেন না। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারসহ যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবেন, কিন্তু পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবেন না।

সরকার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকাশ্যেই ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এটি কতটা আইনসম্মত জানতে চাইলে তিনি বলেন, আইনগত বিষয় যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তারা করবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে তিনি কোনো মন্তব্য করতে চান না।

নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হলে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা কারও কাছে দায়বদ্ধ নয়, কেবল সংবিধান ও আইনের কাছে দায়বদ্ধ। সংবিধান ও আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

রিটার্নিং অফিসাররা একই সঙ্গে জেলা প্রশাসক ও সরকারি কর্মকর্তা হওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারা কোনো পক্ষের লোক থাকেন না। তার অধীনে কোনো রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কোনো পক্ষের হয়ে প্রচারণা চালাচ্ছে না বলেও তিনি দাবি করেন।

মাঠ প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি বলেন, মাঠ প্রশাসন মানেই শুধু রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নয়। প্রশাসন একটি সম্মিলিত ব্যবস্থা। তবে যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত, তারা কোনোভাবেই এ ধরনের কাজে যুক্ত হন না।

তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত থাকেন। শুধু ইউএনও বা ডিসিই প্রশাসন নন। অন্যান্য দপ্তরের কর্মকর্তারা সরকারের নির্দেশনা পালন করতে পারেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi