কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ও ‘ইটারনেল গিভিং’ (Eternal Giving)-এর সহযোগিতায় উপজেলার ২৫টি অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই টিউবওয়েলগুলো বিতরণ করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদুজ্জামন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক আহসান কবির চৌধুরী (রিপন)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলমান আলী, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সাকিল, ইউপি সদস্য শ্যামল চৌধুরী, জনতা ব্যাংক ভানুগাছ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ পানির সংকট নিরসনে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের এমন মানবিক সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।