1. admin@kamalgonjerdak.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

কমলগঞ্জে নাচ গানের মধ্যদিয়ে উদযাপিত ‘খাসি সেঙ কুটস্নেম’

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View
কমলগঞ্জে নিজস্ব নাচ-গানের মধ্যদিয়ে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেঙ কুটস্নেম’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজস্ব নাচ-গানের মধ্যদিয়ে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেঙ কুটস্নেম’ উদযাপিত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জি মাঠে বর্ণাঢ্য আয়োজনে নানা খেলাধুলা ও খাসিয়া নৃত্যের মাধ্যমে এ উৎসবের আয়োজন করে খাসি সোশ্যাল কাউন্সিল।

দুপুর ১২টায় উৎসবের শুরু হলেও মূল পর্ব শুরু হয় বেলা ২টায়। মাগুরছড়া পুঞ্জি মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতার ছাউনী দিয়ে মঞ্চ তৈরি করা হয়। মঞ্চে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন সুত্রধর, কমলগঞ্জ থানার ওসি আবু জাফর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, এনসিপি নেতা প্রীতম দাস প্রমুখ।

আয়োজকেরা জানান, ঐতিহ্যবাহী এ বর্ষবিদায় উৎসবে দেশব্যাপী ছড়িয়ে থাকা খাসিয়ারা একত্রে মিলিন হন। এ দিন নিজস্ব সংস্কৃতির বর্ণিল সাজে খাসিয়া সম্প্রদায়ের ছেলে-মেয়েরা সাজে। মূলত এ উৎসবের মাধ্যমে তাদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও খেলাধুলাকে তুলে ধরা হয়। উৎসবের মূল আকর্ষণ হচ্ছে- ঐহিত্যবাহী পোশাক পরে মেয়েদের নাচ-গান, পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার, তীর ধনুক খেলা, গুলতি চালানো ইত্যাদি।

খাসি সোশ্যাল কাউন্সিলের নেতা ও উৎসব আয়োজন কমিটির সদস্য ফিলা পতমি বলেন, ‘খাসি সেঙ কুটস্নেম হচ্ছে খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসি জনগোষ্ঠীর লোকজন এই অনুষ্ঠান করলেও বাংলাদেশে আমরা ২০১১ সাল থেকে এই অনুষ্ঠানে আয়োজন করছি। ব্রিটিশ আগ্রাসনে যখন আদিবাসীদের ভাষা সংস্কৃতি হুমকির মধ্যে পড়েছিলো তখন কিছু খাসি তরুনরা মিলে এই উদ্যোগ নিয়ে সেঙ খাসি নামে একটি সংগঠন করেছিল। সেই থেকে আমরা পালন করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi