কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশের সময় :
বুধবার, ১১ মার্চ, ২০২৬
২৩০
Time View
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মরহুম হাজী শেখ আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্ট’।
বুধবার (১১ মার্চ) দুপুরে ট্রাস্টের পক্ষ থেকে বিপুল সংখ্যক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিনের বাসভবনে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজসেবক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক কাজী সুলেমান, মাওলানা সুলতান আহমেদ, আব্দুল আহাদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।
প্রধান অতিথি খাদ্য সামগ্রী তুলে দিয়ে বলেন,‘পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় বিত্তবানদের এভাবে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। হাজী শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ স্থানীয় অসহায় পরিবারগুলোর রমজানের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।’
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন জানান, ‘মরহুম বাবা-মায়ের স্মৃতি রক্ষার্থে এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে রসুলপুর ও আশপাশের গ্রামের কয়েকশত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছোলা, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।