মৌলভীবাজারের কমলগঞ্জে গভীর রাতে দুটি ডায়না (ট্রাক) গাড়ি আটকিয়ে লুটপাটের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের লাঘাটা ব্রিজ এলাকায় দুটি ট্রাক আটকিয়ে হামলাকারীরা চালক ও শ্রমিকসহ অন্তত ৫ জনকে আহত করে।
স্থানীয় ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে গাড়ি দুটি ওই এলাকা অতিক্রম করার সময় ওত পেতে থাকা কয়েকজন গাড়ির গতিরোধ করে হামলা চালায়। ভুক্তভোগী গাড়ি দুটির মালিক জিলন আহমেদ।
গাড়ির মালিক জিলন আহমেদ জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চালকদের ২টি মোবাইল ফোন এবং শ্রমিকদের ব্যবহৃত ৬টি স্মার্টফোন ছিনিয়ে নেয়। এছাড়া গাড়িতে থাকা নগদ ৯৬ হাজার টাকা এবং শ্রমিকদের ব্যক্তিগত আরও প্রায় ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, গাড়ি চালক উজ্জ্বল আহমেদ, শামসু মিয়া, শ্রমিক ওয়ারিছ আলী, সুহেল মিয়া ও গিয়াস উদ্দিন। হামলার সময় প্রাণ বাঁচাতে অপর এক শ্রমিক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে রাতেই মালিক জিলন আহমেদ ঘটনাস্থলে পৌঁছান। তল্লাশি চালিয়ে ব্রিজের পাশে বালুচাপা অবস্থায় ঘটনায় ব্যবহৃত কিছু লোহার তৈরি সরঞ্জাম পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে সুনছড়া বাজারের একটি ওয়ার্কশপে নিয়ে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
ওয়ার্কশপের কারিগররা নিশ্চিত করেন যে, ওই সরঞ্জামগুলো রাতেই তাদের দোকানে তৈরি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওয়ার্কশপ শ্রমিক ঘটনার সাথে জড়িত ৪ জনের নাম প্রকাশ করে দেয়। তারা হলেন, রহিম মিয়ার ছেলে সামছুদ্দিন মিয়া, মন্নান মিয়ার ছেলে আনফই মিয়া, হান্নান মিয়ার ছেলে রাবেজ মিয়া ও বারি মিয়ার ছেলে আব্দুলা মিয়া।
এ ঘটনায় ভুক্তভোগী জিলন আহমেদ বলেন, ‘আমাদের দুটি গাড়ির ১২টি চাকার ক্ষতি হয়েছে। অভিযুক্তদের পরিচয় পাওয়ায় তাদের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে।’
এ ঘটনায় অভিযোগের তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।