1. admin@kamalgonjerdak.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শ্রমিকদের নিয়ে চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাহারের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদের টেলিভিশন সাক্ষাৎকারে চা শ্রমিকদের দৈনিক কর্মঘণ্টা ও বিভিন্ন বিষয় নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। শ্রমিক নেতারা চেয়ারম্যানের বক্তব্যকে ভুল ও বিভ্রান্তিকর উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার বেলা ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী ও জুড়ি ভ্যালীর সভাপতি কমল বুনার্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা চট্টলার মুখোমুখি নামের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড এর চেয়ারম্যান চা শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করার অভিযোগ করেন এবং চা শিল্পে লোকসানের জন্য শ্রমিকদের দায়ী করেন। অথচ বাস্তবে চা শ্রমিকরা নিয়মতান্ত্রিকভাবে কঠোর পরিশ্রম করে আসছেন।

আরও বলা হয়, বিভিন্ন চা বাগানে এখনও মজুরি, প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ, বাসস্থান ও চিকিৎসাসহ নানা সমস্যা বিদ্যমান রয়েছে। বিশেষ করে এনটিসি মালিকানাধীনসহ বিভিন্ন বাগানে শ্রমিকদের শোষণ-বঞ্চনার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে কাজ করছে। চা শ্রমিকদের দোষারোপ করে বাংলাদেশ বিশ্ববাজারে চা উৎপাদনে অষ্টম অবস্থানে রয়েছে বলে গর্ব করা যুক্তিসঙ্গত নয়। শ্রমিকরা যদি সত্যিই ৩-৪ ঘণ্টা কাজ করতেন, তাহলে দেশের চা শিল্প এতদূর এগোতে পারত না বলেও মন্তব্য করেন তারা।

তাদের দাবি, প্রায় দুই শতাব্দী ধরে চা শ্রমিকরাই দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন। চেয়ারম্যানের এমন বক্তব্য শ্রমিকদের হেয় প্রতিপন্ন করছে এবং তাদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি করছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানের বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিপেন পাল বলেন, চা বোর্ড এর চেয়ারম্যানের বক্তব্যের পর শ্রমিকদের কাজে উৎসাহ কমে গেছে। শ্রমিকরা ৮ থেকে ১০ ঘণ্টা কাজ করেও কম মজুরি পান এবং কষ্ট করে সংসার চালান। এমন বক্তব্য শ্রমিকদের অসন্তোষ আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিওর অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Abdul Hadi