পবিত্র ঈদুল আজহার ছুটিতে উপচে পড়া ভিড় দেখা গেছে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে।
ঈদের দিন গত বৃহস্পতিবার থেকে শুরু করে আজ রবিবার (৩১ মে) পর্যন্ত চার দিনে উদ্যানটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪ হাজার ১৮১ জন পর্যটক ভ্রমণ করেছেন। এতে প্রবেশ টিকিট বাবদ সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এবং প্রকৃতির সান্নিধ্য পেতে হাজারো মানুষ ছুটে এসেছেন এই চিরসবুজ বনে। চার দিনের পর্যটকদের পরিসংখ্যানে দেখা গেছে, মোট আগন্তুকদের মধ্যে দেশি পর্যটকের সংখ্যাই বেশি হলেও এর মধ্যে ২৭ জন বিদেশি পর্যটকও ছিলেন।
উদ্যান কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন থেকেই পর্যটকদের সমাগম বাড়তে থাকে, যা আজ রবিবার পর্যন্ত অব্যাহত ছিল। বনের ভেতরের সুউচ্চ গাছপালা, বানর, উল্লুক আর চশমা পরা হনুমানের দেখা পেতে তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ ভিড় জমান।