মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, চাম্পারায় ও বাঘাছড়া চা বাগানের ১ হাজার ১০০ জন নারী চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
কর্মক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় সহায়তার লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। রবিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে কুরমা নাট মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে চা শ্রমিকদের হাতে এই রেইনকোট তুলে দেওয়া হয়।
স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মোঃ দুরুদ আহমদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মহিবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রুমান আহমেদ এবং ইউপি সদস্য মোঃ সবুজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চা শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন। তাদের এই কষ্ট লাঘবে রেইনকোট বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।
ভবিষ্যতে চা শ্রমিকদের কল্যাণে এমন আরও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মহিবুল আলম।